বুধবার ৪ নভেম্বর ২০২৬

নায়ক সোহেল রানা দম্পতির ২৫তম বিবাহ বার্ষিকী আজ

sohel-Familyচলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানার বিয়ে বার্ষিকী ১৬ আগস্ট রবিবার। ১৯৯০ সালের এই দিনে ডা. জিনাত বেগমকে নিজের জীবনসঙ্গী করেন তিনি। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবন পা রাখলো ২৫তম বছরে। তাই এ বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য পার্টি দিচ্ছেন সোহেল রানা।

ঢাকার উত্তরা ক্লাবে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই চিত্রনায়কের বিয়ে বার্ষিকীর পার্টি। বিশেষ দিনের এই সন্ধ্যাটা আপনজনদের সঙ্গে কাটাবেন তিনি। এ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আগে কখনই এমন ঘটা করে বিয়ে বার্ষিকী পালন করিনি। আগে শুধু আমাদের বাবা ছেলের জন্মদিন পালন করতাম। কিন্তু এ বছর সবার দোয়ায় আমাদের বিয়ের ২৫ বছর হলো। আল্লাহ আমাদের সুখে-শান্তিতে রেখেছেন; তাই এ দিনটিকে সেলিব্রেট করতে চাই।’
সোহেল রানা আরও বলেন, ‘এই দিনে সবার কাছে একটাই দোয়া চাই— স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন নিয়ে যেন বাকিটা জীবন আরও সুখে শান্তিতে কাটাতে পারি। সেই সঙ্গে সবার ভালবাসায় সোহেল রানা হিসেবে চলচ্চিত্র শিল্পের সেবা করতে পারি।’

সোহেল-জিনাতের সুখময় দাম্পত্য জীবনে ঘর আলো করে রয়েছে একমাত্র পুত্র মাশরুর পারভেজ জীবরান। তাকে নিয়ে বেশ কাটছে তাদের সুখের সংসার। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা এগারোজন’ প্রযোজনার মধ্য দিয়ে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন সোহেল রানা। মাসুদ রানা অবলম্বনে যখন ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি নির্মাণ করতে যান তখন প্রয়াত সুমিতা দেবী, এস এম শফি, মোস্তাফিজ আহমদ জামান চৌধুরীর পরামর্শে তিনি নিজেই নায়ক হিসেবে অভিনয় শুরু করেন ১৯৭৪ সালে। এটি তিনি নিজেই নির্মাণ করেছিলেন।

এরপর থেকে আজ পর্যন্ত প্রায় তিন শ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ত্রিশটি চলচ্চিত্র প্রযোজনা ও বিশটি চলচ্চিত্র নির্দেশনাও দিয়েছেন। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘রিটার্ন টিকেট’। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে সোহেল রানা অভিনীত এসএ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রটি।

আরও পড়ুন