ঢাকার লালবাগ শহীদনগর ইসফিয়া-নিজামিয়া পাক দরবার শরীফের জায়গা দখল নিয়ে সংঘর্ষে ৭ জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আতাউল্লাহ (৫৫), স্বপন মিয়া (৩০), মোহাম্মদ সিফাত হোসেন শাওন (২৫), মোস্তফা মতিন তুহিন (৪০), বাদশা মিয়া (১৯), সিদ্দিকুর রহমান (২২) ও কাওসার হোসেন (২৫)।
আহত তুহিন জানান, তারা সবাই দরবার শরীফের ভক্ত। মাঝেমাঝেই দরবার শরীফে আসেন। রবিবার দুপুরে স্থানীয় নাজিম উদ্দিন তার দলবলসহ দরবার শরীফের জায়গা দখল করে নিতে চাইলে তারা বাধা দেন। এর কিছুক্ষণ পর অতর্কিতে নাজিম উদ্দিনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন।
লালবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, মারামারির একটা ঘটনা শুনেছি। শুনেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


