রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মামলাটি করেন।
খবরটি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম। জানান, নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড্ডা আদর্শনগর পানির পাম্পের কাছে আড্ডা দেওয়ার সময় চারজনকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা ও উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ মানিক রাতেই মারা যান। পরদিন শুক্রবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবুর রহমান গামা। একই ঘটনায় গুরুতর আহত স্থানীয় আওয়ামী লীগের সদস্য সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।


