বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করে, স্বাধীন বাংলাদেশের আদর্শকে ধ্বংস করাই ছিলো জিয়াউর রহমানের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতির মাথা হেঁট করে দিয়েছিল। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির জন্য ত্যাগ স্বীকার করে গেছেন। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী বিভিন্ন শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করে। তবে যত ষড়যন্ত্রই হোক, বিশ্ব দরবারে বাংলাদেশের মানুষের মাথা উঁচু রাখতে, আওয়ামী লীগের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


