হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ওজনের ১০টি সোনার বারসহ নাজমুল হোসেন (৩৯) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর থেকে সোনাসহ তাকে আটক করা হয়।
আটকের খবর নিশ্চিত করেছেন বিমানবন্দর কাস্টমস’র সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস সোনা।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স (এসকিউ-৪৪৬) এর একটি ফ্লাইটযোগে নাজমুল সিঙ্গাপুর থেকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বের হবার সময় কাস্টমস কর্মকর্তারা তার গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ ও মালামাল তল্লাশি চালিয়ে এসব সোনার বার উদ্ধার করে।
প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের আটককৃত সোনা কাস্টমস হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


