ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরব আমিরশাহি সফর চলাকালীন তিনি প্রশাসনকে অনুরোধ করবেন,আন্ডার ওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিমের সমস্ত বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস করে দিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূল আসামি।
রোববার দু’দিনের আরব আমিরাতে সফরে মোদি আবুধাবিতে নেমেছেন। গত ৩৪ বছরের এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আরব আমিরশাহি সফরে গিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এই সফরে মোদী আজ সোমবার উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশে বিনিয়োগ করতে আরবের শিল্পপতিদের আহ্বান জানিয়েছে তিনি।
আর এই সফরকালেই মোদির অন্যতম লক্ষ্য সন্ত্রাসবাদে মোকাবিলা করা। আরব আমিরশাহি প্রশাসনের সঙ্গে মোদি দাউদ ইব্রাহিমের বেনামী সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাবেন। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, দাউদ ইব্রাহিম তার শ্যালকের সাহায্যে “গোল্ডেন বক্স” নামে একটি সংস্থা চালায় দুবাইতে। শুধু দাউদ নয়, মোদি এই সফরে আইএস জঙ্গি প্রতিরোধ নিয়েও আমিরশাহি প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


