একবার সমন স্থগিত হয়েছিল শীর্ষ আদালতে। কিন্তু কয়লা কেলেঙ্কারি মামলায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দিকে ফের আঙুল উঠল। এ বার তাঁকে অভিযুক্ত হিসেবে সমন পাঠানোর আবেদন জানিয়েছেন সেদেশের ঝাড়খ- রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়া। তিনি নিজেও এই মামলায় অভিযুক্ত।
কুমারমঙ্গলম বিড়লার সংস্থা হিন্দালকোকে বে আইনি ভাবে কয়লাখনি দেওয়ার অভিযোগে সমন পেয়েছিলেন মনমোহন। হিন্দালকো কয়লাখনি পাওয়ার সময়ে কয়লা মন্ত্রনালযের দায়িত্বেও ছিলেন তিনি। সেই সমন সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে যায়। তাতে সাময়িক ভাবে স্বস্তি পেয়েছিলেন মনমোহন। ওই সমনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পুরোপুরি মনমোহনের পাশে দাঁড়ায় কংগ্রেস।
বিজেপি সরকারই মনমোহনের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করছে বলে দাবি করেছিল তারা। শীর্ষ আদালতে শুনানির আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে মনমোহনের বাড়িতে মিছিল করে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন সনিয়া গান্ধী। কিন্তু সোমবার বিশেষ সিবি আই বিচারক ভরত পরাশরের এজলাসে পেশ করা মধু কোড়ারআবেদন ফের তাঁকে প্যাঁচে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। পরাশরের এজলাস থেকেই হিন্দালকো মামলায় সমন জারি হয়েছিল। ১৪ সেপ্টেম্বর ফের ওই মামলার শুনানি হবে।
সাক্ষ্যপ্রমাণ দেখে বোঝা যাচ্ছে, তিনিই ‘‘চূড়ান্ত সিদ্ধান্ত’’ নিয়েছিলেন। তাই অভিযুক্তের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া যায় না। সেই সঙ্গে সাবেক শক্তিসচিব আনন্দ স্বরূপ,সাবেক খনি ও ভূতত্ত্ব সচিব জয়শঙ্কর তিওয়ারিকেও অভিযুক্ত হিসেবে সমন পাঠানোর আবেদন জানিয়েছেন মধু কোড়ার আইনজীবীরা। ২৮ অগস্ট ফের এই মামলার শুনানি হবে।-আনন্দবাজার।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


