প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার জন্য বিএনপি যে দাবি করছে, তার তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বলেছেন, আপনারা মানুষের নিরাপত্তা দেননি, দিতেও পারেননি। আপনারা এখন কোন মুখে মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচনের কথা বলেন?
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
হানিফ বলেন, আপনারা মানুষের জীবনের নিরাপত্তা দেননি। মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। আপনারা কোন মুখে মানুষের নিরাপত্তার কথা বলেন? আপনারা নির্বাচন চান। নির্বাচন দিয়ে কাকে ক্ষমতায় আনতে চান? খালেদা জিয়াকে? বাংলার মানুষ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না।
ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, ৫ বছর ক্ষমতায় থেকে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিলেন। আপনার কুপুত্র দেশে যে পরিবেশ সৃষ্টি করেছিল সেই পরিবেশ বাংলার মানুষ আর দেখতে চায় না।
হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া নিজেই পাকিস্তানের দালাল। তিনি বাংলাদেশে শান্তি চান না। তাই তার এত জ্বালা।


