স্কুলে আসা-যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বখাটেদের নানা রকম অঙ্গভঙ্গি, কটূক্তি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিনের পর দিন এমন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত লজ্জায় অপমানে গত রোববার এক ছাত্রী বেছে নেয় আত্মহননের পথ। এ অবস্থায় প্রশাসনিক তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্য প্রশাসনরে শীর্ষ কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
গত রোববার মধ্যরাতে ৫ পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আমিনা খাতুন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটে প্রায়ই রায়হান নামে এক বখাটে তাকে উত্যক্ত করতো। শেষ পর্যন্ত শালিস বৈঠকে কিশোরীকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় হয়। এ সিদ্ধান্তে অসহায় ও অপমানিত বোধ করে ছাত্রীটি বেছে য়ে আত্মহত্যার পথ।
বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, রাস্তার মোড়ে বখাটেরা স্কুলে যাওয়া আসার সময় তাদেরকে শুধু কটূক্তি করেনা শারীরিকভাবে হেস্তনেস্তও করার চেষ্টা করে। এদিকে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, এ মাসের শুরুতে ছাত্রীদের অভিযোগ পেয়ে তিনি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। এ অবস্থায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন। নিহত আমিনাকে উত্যক্তকারী বখাটে রায়হানকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


