বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘সরকারের তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার বন্ধের দাবি’

27_gonojagoron+mancha_170815_0004ফেইসবুকে পোস্ট দিয়ে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ায় সরকারের বিরুদ্ধে আইনটির অপব্যবহারের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এক বিবৃতিতে গণতান্ত্রিক বাম মোর্চা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা অভিযোগ করে বলেছেন, সরকার নজিরবিহীনভাবে আইন ও ক্ষমতার নিকৃষ্ট প্রয়োগ ঘটিয়ে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার আলাদা বিবৃতি দিয়ে আইসিটি আইনের বিরুদ্ধে তারা এ অভিযোগ তোলেন।

বিবৃতিতে বলা হয়, “প্রবীর সিকদারকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে যা করা হচ্ছে, তা নজিরবিহীন ও বলদর্পী ক্ষমতার বর্বর চর্চা। অবিলম্বে প্রবীর সিকদারকে মুক্তি দিন, অগণতান্ত্রিক আইসিটি অ্যাক্ট বাতিল করুন।”

এদিকে সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রবীর সিকদারের মুক্তি দাবির পাশাপাশি ৫৭ ধারা বাতিল করার দাবি জানানো হয়।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, মানুষের কথা বলে, এই কালো ধারাটি ব্যবহার করে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।”

ওই ধারা সংবিধানে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি অভিযোগ করেন।

সম্প্রতি ফেইসবুকে লেখালেখির জন্য হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ঢাকায় থানায় সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন মুক্তিযোদ্ধে শহীদের সন্তান প্রবীর সিকদার। কিন্তু পুলিশ ওই জিডি নেয়নি জানিয়ে গত ১০ অাগস্ট নিজের ফেইসবুক পাতায় একটি স্ট্যাটাসে নিজের জীবনের ঝুঁকির কথা জানান প্রবীর। এরপরই তথ্যপ্রযুক্তি আইনে ফরিদপুর স্বপন নামে এক আইনজীবী প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ঢাকা থেকে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন