মন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ করে ফেসবুকে লেখার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস-সিপিজে।
সংগঠনের এশিয়া বিভাগের প্রোগ্রাম রিসার্চ অ্যাসোসিয়েট সুমিত গালহোত্রা সোমবার এক বিবৃতিতে বলেন, “সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার অভিযোগ তদন্তের জন্য আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিবৃতিতে বলা হয়, হুমকি পাওয়ার কথা প্রকাশ করায় এভাবে সাংবাদিককে জেলে পাঠানো হলে বাংলাদেশে বিচার ব্যবস্থার প্রতি আস্থার ‘আরও অবনতি’ ঘটবে।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রোববার রাতে তথ্য প্রযুক্তি আইনের মামলায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার তাকে ফরিদপুরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
প্রবীর সিকদার বর্তমানে উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি এর আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছিলেন।
তারও আগে দৈনিক জনকণ্ঠে ছিলেন প্রবীর। ২০০১ সালে দৈনিকটির ফরিদপুর প্রতিনিধি থাকাকালে সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


