বিশিষ্ট সাংবাদিক ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক প্রবীর সিকদারের অবিলম্বে মুক্তি দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার ১৮ আগস্ট এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারন সম্পাদক কুদ্দুস আফ্রাদ বিএফইউজে ও ডিইউজে সদস্য সাংবাদিক প্রবীর সিকদারকে আইসিটি আইনে মামলা দায়ের, তাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদার ২০০১ সালে ফরিদপুরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন লেখায় সন্ত্রাসীদের বোমা হামলায় প্রাণে রক্ষা পেলেও একটি পা হারান। এরপর তিনি রাজধানীতে এসে সাংবাদিকতা করতে থাকেন। তারপরেও তার প্রতি মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পক্ষে হুমকি অব্যাহত থাকে। সম্প্রতি রাজাকার মুসা বিন শমসেরের মুখোশ উন্মোচন করায় আবার নিরাপত্তা হুমকির মধ্যে পড়েন। এর ফলে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করতে যান। থানা তার ডায়েরি গ্রহণ না করলে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফেসবুকে দেশবাসীর কাছে নিরাপত্তা প্রার্থনা করেন তিনি। এরপর তাকে ডিবি পুলিশ আটক করে ও পরবর্তীতে ফরিদপুরে আইসিটি আইনে মামলা দায়ের করে ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক নেতারা প্রবীর সিকদারের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্রবীরের প্রতি মানবিক আচরণও প্রত্যাশা করেন।
প্রবীরের পক্ষে ফরিদপুরের আইনজীবীদের না দাঁড়ানোর ঘটনায় বিষ্ময় প্রকাশ করে প্রবীরের জন্য যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করারও আহবান জানানো হয় বিবৃতিতে।


