তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। অবিলম্বে প্রবীর সিকদারের মুক্তি চেয়েছে সংগঠনটি।
মঙ্গলবার সিইউজের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস যৌথ বিবৃতিতে তার মুক্তির দাবি জানান।
ফেসবুকে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে পোস্ট দেয়ার পর ফরিদপুরের কোতয়ালি থানায় প্রবীর সিকদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা শাখা। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফরিদপুরের একটি আদালত।
গ্রেপ্তারের দু’দিন পর সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সিইউজে’র দুই নেতার বিবৃতিতে বলা হয়, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীর সিকদার ২০০১ সালে ফরিদপুরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন লিখেন। এ কারণে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও একটি পা হারান। এরপর তিনি রাজধানীতে এসে সাংবাদিকতা করতে থাকেন। তারপরও তার প্রতি মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পক্ষে হুমকি অব্যাহত থাকে।


