এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ও প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটায় তাদের আটক করলেও পুলিশ পর্যন্ত এ তথ্য জানাতে গড়িমসি করে।
আটকরা হলেন— মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার রফিকুল ইসলামের ছেলে ও প্রাইভেটকার চালক বাবু ইসলাম (২৮) রাজশাহী জেলার দেবীপুরের খলিলুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুপুরে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৯-১৮১০) উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছিল। সেতুর পশ্চিমে গোলচত্বরে থামার সংকেত দিলেও তা অমান্য করে সেতুর উপর উঠে যায়। পরে সেতুর দুই প্রান্তের পুলিশ তাদের গতিরোধ করে প্রাইভেটকারটি সেতুর পশ্চিম থানায় নিয়ে যায়। সেখানে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে এক কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। টাকার ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর দিতে না পারায় আটকদের বিকেলে আদালতে পাঠানো হয়।


