ঈদুল আযহাকে সামনে রেখে কোনো রেল লাইনের ওপর কিংবা পাশে কোরবানি পশুর হাট যাতে বসতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে আগে ভাগেই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ঈদের অতিরিক্ত যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বগির ব্যবস্থা করতেও পরামর্শ দেয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।
বৈঠকে রেলওয়ের শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা সম্পর্কে এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী সেতু রেল দূর্ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। রেললাইনের দ্রুত সম্প্রসারণের কাজকে ত্বরান্বিত করতে শূন্য জনবল নিয়োগে যেসব আইনগত ও মামলাজনিত জটিলতা রয়েছে তা নিরসন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। কমিটি ট্রেনের দুর্ঘটনা রোধে দুর্ঘটনার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে তা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করে।
বৈঠকে কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশগ্রহণ করেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকেও উপস্থিত ছিলেন।


