বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

1436853335গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৭) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি জাহাঙ্গীরের মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পূর্ব বাহাদুরপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, জাহাঙ্গীর আলম গাজীপুর সদর উপজেলার কাইঞ্জানুল এলাকার হাছেন আলী খানের মেয়ে আয়েশা আক্তার লিজাকে (২৮) বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী আয়েশা আক্তার লিজাকে মারধর করতেন। জাহাঙ্গীর ২০১০ সালের ১৫ আগস্ট লিজাকে বেদম প্রহার করে। খবর পেয়ে লিজার পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লিজার ভাই মামুন খান বাদী হয়ে ঘটনার দিন জাহাঙ্গীর আলম, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন মামলার তদন্ত শেষে তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি ফজলুল কাদের ও এবিএম আফফান এবং আসামিপক্ষে মো. ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন