বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

fire--পুরান ঢাকার ওয়ারিতে দুর্বৃত্তের গুলিতে আহত ওয়ারীর ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয় বলে ওয়ারি থানার পরিদর্শক (তদন্ত) রমেশ চন্দ্র পাল জানান।

মান্নান যুবলীগের ঢাকা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। মিটফোর্ডে তিনি ওষুধের ব্যবসা করতেন।

ওয়ারির হাটখোলা রোডের রূপায়ন টাওয়ারের তৃতীয় তলায় দুই মেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন মান্নান। মঙ্গলবার রাতে বাসার সামনেই দুর্বৃত্তরা গুলি করে তাকে। তার মাথা ও পেটে গুলি লাগে।

সাড়ে ১১টার দিকে মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার স্ত্রী নুসরাত জাহান সাথী। পরে রাতেই তাকে স্কয়ার হাসপাতাল এবং সবশেষ অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

মান্নানের স্ত্রী সাথী জানান, রাতে মিটফোর্ডে ওষুধের দোকান থেকে আলামিন নামে এক বন্ধুর সঙ্গে রিকশায় করে এসে বাসার সামনে নামেন তার স্বামী।

রিকশা থেকে নামার পরপরই একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক মান্নানকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশকে জানিয়েছেন সাথী। তিনি বলেন, ঘটনার পর থেকে আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কারা কেন মান্নানের ওপর হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। পরিদর্শক রমেশ বলছেন, তারা হত্যাকারীদের ধরার চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন