মুদ্রা পাচারের অভিযোগ এনে দায়েরকৃত একটি মামলায় শর্ত সাপেক্ষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন এডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন (সিএমপি) দায়ের করা হবে। তিনি জানান, হাইকোর্ট বুধবার শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়। শর্তের মধ্যে রয়েছে খন্দকার মোশাররফের পাসপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। এছাড়া তার যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, সেই হিসাবে কোনো লেনদেন করা যাবে না।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করে। মামলা হওয়ার পর তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে দেয়। এরপর গতবছর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


