১। তিনদিনের পুলিশ রিমান্ডের একদিন পার না হতেই জামিন দেওয়া হলো সাংবাদিক প্রবীর সিকদারকে। বুধবার সকালে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। তাকে গ্রেফতারের ঘটনায় বিভিন্ন মহলের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে একই আদালত মঙ্গলবার তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছিল।
২। রাজধানী ঢাকার রমনা থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
৩. নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের উপসচিব আব্দুল বারীর কক্ষে বেসরকারি স্যাটেলাইট স্টেশন চ্যানেল ২৪-এর দুই সাংবাদিককে মারপিট করা হয়েছে। বুধবার দুপুরে ওই চ্যানেলের প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদকে কক্ষের দরজা বন্ধ করে মারপিট করা হয়। এ সময় সচিব বারী কক্ষে উপস্থিত ছিলেন। তিনি ওই দুই সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা কেড়ে নেন।
৪. যশোর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহিদুল কবির মিল্টনকে তুলে নিয়ে গিয়ে মারপিট করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


