অটিস্টিকদের জন্য ৫ শতাংশ কোটা বরাদ্ধ রেখেছে সরকার। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের অটিস্টিকদের পোশাক খাতে কাজের দক্ষতা বাড়ানো গেলে তারা বিশ্বে মডেল হিসেবে দাঁড়াবে।
বৃহস্পতিবার ২০ আগস্ট রাজধানীর কারওয়ানবাজার বিজিএমইএ ভবনে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পোশাক শিল্পখাতে তাদের নিয়োগ সংক্রান্ত এক অনুষ্ঠানে গ্লোবাল অটিজম বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে আছে। দেশের পোশাক খাতও বিশ্বে অনেক সুনাম অর্জন করছে। এই পোশাক খাতে অটিস্টিকদের কাজের সুযোগ করে দিলে তারা বিশ্বে মডেল হিসেবে দাঁড়াবে। এ লক্ষ্যে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর তাতে তারা আমাদের বোঝা হবে না, সম্পদে রূপান্তরিত হবে।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বিজিএমইএ প্রতিবন্ধী সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। পোশাক কারখানায় অনেক প্রতিবন্ধীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। শিগগিরই বিজিএমইএ ৩শ অটিস্টিকের কর্মসংস্থান করবে। ইতোমধ্যে ৫১ জনের কাজের সুযোগ করে দিয়েছে বিজিএমইএ।’
তিনি বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এ প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে এনে মূলধারায় একীভূত করতে হবে। তাদেরকে দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নের মূলস্রোতে আনা যায়। তাই শুধু পোশাক শিল্পে নয়, সব প্রতিষ্ঠানে তাদের কাজের সুযোগ করে দেয়া উচিৎ।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, শ্রম সচিব মিকাইল শেপার, ডা. লুবনা ইসলাম, অটিজম বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, বিজিএমইএ সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রিয়াজ বিন মাহমুদ সুমন, শহিদুল্লাহ আজীম, এমএ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


