বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুকে কোটারিগত রাখতে চাই না: সৈয়দ আশরাফ

ashraf-Farmgateআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘নিজেদের স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোটারিগত রাখতে চাই না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আশরাফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ভিন্নভাবে এবার পালন করছি। আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে চাই। তিনি তো জাতির পিতা। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। তাকে শুধু আমাদের সঙ্গে রাখা সঠিক নয়। বঙ্গবন্ধু সারা বাংলার জাতির পিতা। তাকে কোনো কম্পার্টমেন্টে রাখা যাবে না। সেই জন্য সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের এবারের শোকসভায় মূল স্লোগান ছিল, বঙ্গবন্ধুকে সর্বজনীন করা। সব শ্রেনীর মানুষ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদদের উদ্দেশে বলেন, ‘কিংবদন্তি শুধু কৃষকরাই নয়, আপনারাও। আপনারা নতুন ফল উৎপাদন করছেন। নতুন নতুন কিছু উদ্ভাবন করছেন। সুতরাং কৃষকরা যেমন কিংবদন্তি, আপনারা কৃষিবিদরাও কিংবদন্তি।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তাই তার মরণোত্তর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলেই খুনিদের পুরস্কৃত করেছিলেন। পঁচাত্তরে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে।’

যারা বিদেশে পালিয়ে আছেন তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সভাপতি ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ মহাসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক হামিদুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী সিকদার প্রমুখ।

আরও পড়ুন