ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর শুভ্রা মুখার্জি মহাবিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তার প্রতি শোক জানাতে বৃহস্পতিবার ২০ আগস্ট কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার বন্ধ ছিল নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার শুভ্রা মুখার্জি কিন্ডারগার্টেন স্কুল।
শুভ্রার আত্মার শান্তি কামনায় ভদ্রবিলা ও তুলারামপুর গ্রামে ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা ও আচার-অনুষ্ঠান চলছে।
গত মঙ্গলবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন নড়াইলের মেয়ে শুভ্রা।
তাঁর বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। মামার বাড়ি একই উপজেলার তুলারামপুর গ্রামে। শুভ্রার মৃত্যুতে তাঁর জন্মস্থান, মামা বাড়িসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
তুলারামপুর শুভ্রা মুখার্জি মহাবিদ্যালয়ে বুধবার পালিত কর্মসূচির মধ্যে ছিল—শুভ্রার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কালো ব্যাজ ধারণ ও স্মরণসভা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম নবী। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী, প্রভাষক মহব্বত হোসেন, মনি রতন বিশ্বাস, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক কুমার ঘোষ প্রমুখ।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


