বাংলাদেশের নির্বাসিত বির্তকিত লেখিকা তসলিমা নাসরিনের আবেদনে সাড়া দিয়ে তাঁর ভিসার মেয়াদ এক বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ ব্যাপারে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ স্বয়ং হস্তক্ষেপ করেছেন বলে জানাগেছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৩ জুলাই থেকে এক বছরের জন্য বাড়ানো হল প্রবাসী বাংলাদেশি লেখিকার ভিসার মেয়াদ। এ কথা জানার তসলিমা তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি খুবই খুশি, যদিও তাঁর প্রত্যাশা ছিল, এ দেশে তাঁর ভিসার মেয়াদ এক বছরের বেশিই বাড়ানো হবে। গত বছর তাঁকে এক বছর মেয়াদের ভিসা মঞ্জুর করেছিল ভারত সরকার।
ইসলামী দলগুলোর প্রাণনাশের হুমকির মুখে ১৯৯৪ সালে চরম গোপনীয়তার মধ্যে বাংলাদেশ ছাড়েন তসলিমা। তিনি সুইডেনের নাগরিকত্ব পান। গত দু দশক ধরে তিনি কখনও আমেরিকা, কখনও ইউরোপের নানা দেশে কাটিয়েছেন। ২০০৪ থেকে তাঁকে লাগাতার ভিসা দিচ্ছে ভারত সরকার। প্রায়ই তিনি পাকাপাকি ভারতে, বিশেষ করে কলকাতায় থাকার বাসনা প্রকাশ করেছেন। তবে ২০০৭ সালে কলকাতায় কিছু গোষ্ঠীর আপত্তিতে হিংসাত্মক ঘটনাবলীর জেরে তাঁকে কলকাতা ছাড়তে হয়। কিন্তু ‘লজ্জা’-র লেখিকা বলেছিলেন, ভারতে না থাকলে পারলে তিনি ‘পরিচিতির সঙ্কটে’ পড়বেন যার ফলে ক্ষতি হবে তাঁর লেখালেখির, নারীর অধিকার রক্ষা আন্দোলনের।
নিজস্ব প্রতিবেদক,কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


