ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচ কেজি স্বর্ণ ও দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার সকাল ৭টার দিকে তাদেরকে আটক করা হয়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ৫ কেজি স্বর্ণ ও ইয়াবা উদ্ধার এবং তিনজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদের বিস্তারিত পরিচয় জানাননি।
তিনি জানিয়েছেন, সকালে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসের দুই যাত্রীকে সন্দেহ হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
জিআরপির কমলাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, আটকদের মধ্যে লোটন (২৩) ও রাহুল (২৭) কাছে থেকে স্বর্ণ এবং ইউসুফের থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা চট্টগ্রাম থেকে সোনাগুলো পাচার করে ঢাকায় নিয়ে এসেছেন। কমলাপুর স্টেশনে তাঁরা আরেকটি দলের কাছে চালান তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
ওসি আব্দুল মজিদ বলেন, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


