টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে যাওয়ার পথে রাজবাড়ী সদর আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়িবহরের সঙ্গে ফরিদপুরে ট্রাকের সংঘর্ষকে কেন্দ্র করে স্থানীয়দের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি গাড়ি ভাংচুর করা হয়।
ফরিদপুরের নূরু মিয়া বাইপাস সড়কের পিয়ারপুরে শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, কাজী কেরামত আলী ২০টি গাড়ির বহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া যাচ্ছিলেন। পথে পিয়ারপুর গোডাউনের কাছে একটি ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির সংর্ঘষ হয়। এ সময় গাড়িবহরের লোকজন ট্রাকটির ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা গাড়িবহরের ওপর হামলা চালিয়ে চারটি গাড়ি ভাঙচুর করে। এতে গাড়িবহরে থাকা কমপক্ষে ২০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুজ্জামান জানান, ঘটনাটি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমপির গাড়িবহরকে নিরাপদে গোপালগঞ্জের দিকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এ ঘটনায় দুইটি ট্রাক আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।


