প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রুনু আক্তার (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী ভবনের তৃতীয় তলা থেকে পুলিশ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ মার্চ গাজীপুর আদালত থেকে রুনু আক্তারকে এ কেন্দ্রে হস্তান্তর করা হয়। সে অন্য প্রতিবন্ধীদের সাথে থেকে প্রশিক্ষণ নিতো।
প্রতিবন্ধী কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জানান, রুনু আক্তার বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।


