বুধবার ৪ নভেম্বর ২০২৬

শারীরিক শিক্ষার বিস্তারও হবে, ধাপে ধাপে: নাহিদ

nahidউচ্চ মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দাবি বাস্তবায়নে তার সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সার্বিক শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় শারীরিক শিক্ষার বিস্তারও ধাপে ধাপে হবে।

শনিবার বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতির ত্রি-বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী।

শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করেছে। তার মন্ত্রণালয়ের পরামর্শে কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়েও শারীরিক শিক্ষার উচ্চতর কোর্স চালু হয়েছে। এভাবে এ শিক্ষার প্রসার ঘটিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করার লক্ষ্যে সরকার তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার মান বাড়ছে না বলে যারা বক্তৃতা ও বিবৃতি দিয়ে থাকেন, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন নাহিদ। বলেছেন, শিক্ষার মান ধাপে ধাপে বাড়ছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক মেধা সম্মন্ন হয়ে গড়ে উঠছে। শিক্ষার মানকে বিশ্বমানে নিয়ে যেতে শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানান ক্ষমতাসীন দলের এই মন্ত্রী।

মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি আয়োজিত এ মহাসম্মেলনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন। সমিতির সভাপতি মো. আলী আজগর খানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাবেক পরিচালক খায়রুল ইসলাম খানকে শারীরিক শিক্ষাবিদ সমিতি-২০১৫ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে শিক্ষামন্ত্রী সম্মাননা ক্রেস্ট এবং সমিতির সভাপতি সম্মাননা চেক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকেও সমিতির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রায় ১৫শ’ শারীরিক শিক্ষাবিদ মহাসম্মেলনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন