শ্রীলংকায় সাধারণ নির্বাচনে জিতে চতুর্থ বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমসিংহ। শুক্রবার বৌদ্ধদের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে শপথ নেন বিক্রমসিংহ।
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার দলের সঙ্গে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে রাজি হয়েছেন ৬৬ বছর বয়সী দেশটির নয়া প্রধানমন্ত্রী বিক্রমসিংহ। এতে করে উভয়ের মধ্যে মিত্রতার বন্ধন আরো দৃঢ় হল। দুয়ের এ সখ্যতাই গুঁড়িয়ে দিয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমতায় ফেরার স্বপ্ন।
বিক্রমসিংহের মধ্য-ডান ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) সোমবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৭টি আসন কম নিয়ে জিতলেও দলটি এখন শ্রীলংকান ফ্রিডম পার্টিতে (এসএলএফপি) সিরিসেনার অনুগতদের সঙ্গে নিয়ে জোট গড়তে পারবে।
রাজনৈতিক পর্যায়ে ব্যাপক-ভিত্তিক এই মতৈক্যের ফলে প্রয়োজনীয় রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা তৈরি হবে বলে মন্তব্য করেছেন কলোম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের এক অধ্যাপক।
ব্যাপক-ভিত্তিক জোট গঠন হলে সিরিসেনাও সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার মত অবস্থানে পৌঁছে যাবেন। সিরিসেনা রাজাপাকসের সরকার ত্যাগের সময় এ সংস্কার কর্মসূচির সূচনা হয়েছিল।


