বগুড়া জেলার শেরপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে ট্রাকচাপায় তিন ছিনতাইকারী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের কাছ থেকে গুলিভর্তি ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
আহতদের আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও পাবনার সাথিয়া উপজেলার যশোবন্ত দোলিয়া এলাকার সুমন (৩০)। আহত অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী লবণবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে করে পিছন থেকে ধাওয়া করছিলেন তিন অস্ত্রধারী ছিনতাইকারী। এক পর্যায়ে ছিনতাইকারীরা মির্জাপুর বাজার এলাকায় ট্রাকটিকে আটকাতে মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রাকচালক গতিরোধ না করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ছিনতাইকারীরা ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে জেলার মিডিয়াসেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান জানান, আটকদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সবাই নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) লোক বলে দাবি করলেও তারা আসলে সন্ত্রাসী। এ ঘটনায় তদন্ত চলছে।


