তিন দিনের সফরে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি ঢাকায় পৌঁছেছেন। ৪টি ওআইসি সদস্য দেশ সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ঢাকায় আসেন। বাংলাদেশে তার দ্বিতীয় সফর এটি
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে মাদানি রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) পরিদর্শন করবেন।
সূত্র জানায়, এ সফরকালে তিনি বাংলাদেশের নেতৃবৃন্দকে মহাসচিব কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি, উদ্যোগ ও সহযোগিতামূলক এজেন্ডা সম্পর্কে অবহিত করবেন এবং ইসলামী উম্মাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় ও পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
ওআইসির দশম মহাসচিব হিসেবে ২০১৪ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন আইয়াদ আমিন মাদানি। সৌদি আরবে জন্মগ্রহণকারী আমিন মাদানি দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। বিশ্বে জাতিসংঘের পরই ওআইসি দ্বিতীয় বৃহৎ আন্তর্জাতিক সংস্থা।


