বুধবার ৪ নভেম্বর ২০২৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭’র ১ ও ২ ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের

Editors_Councilতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারা বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

রাজধানীর কারওয়ান বাজারে রবিবার ২৩ আগস্ট ডেইলি স্টার কার্যালয়ে আয়োজিত পরিষদের এক সভায় এই দাবি জানানো হয়। একই সঙ্গে ৫৭ ধারার অপব্যবহারের তীব্র নিন্দা জানান পরিষদের নেতারা। এই ধারাটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলেও তারা সভায় মতপ্রকাশ করেন।

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার ও হয়রানি করায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

সভায় ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’ এবং গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পাদক পরিষদের পর সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। সভায় এ আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “সম্পাদক পরিষদ সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তার ও হয়রানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।”

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ও দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, পরিষদের কোষাধ্যক্ষ ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুড সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইনডিপেন্ডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন