নড়াইলে ইলিয়াছ মীর (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষ চলছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় গণি শেখ ও পলাশের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বিকেলে পলাশ গ্রুপের লোকজন গণি শেখ গ্রুপের ইলিয়াছ মীরকে গুলি করে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর গণি শেখ ও পলাশ গ্রুপের লোকজন ঢাল, সড়কি, বন্দুক ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান গুলিতে মৃত্যুর জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


