বুধবার ৪ নভেম্বর ২০২৬

পরীক্ষায় ফেল করে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

dead-body (2)ঢাকার যাত্রাবাড়ীতে পরীক্ষায় খারাপ করায় মাহফুজুর রহমান কাজল নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কাজল উত্তর যাত্রাবাড়ীর একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার মাসুদ শিকদারের ছেলে। পরিবারের সঙ্গে উত্তর যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চারতলায় ভাড়ায় থাকত কাজল।

মাসুদ শিকদার বলেন, ‘রবিবার মাহফুজের দশম শ্রেণীর প্রি-টেস্ট পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে সে ফেল করে। এর পর বিকেলে সে বাসায় ফিরে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ সময় বাসায় কেউ ছিল না।’

তিনি আরও বলেন, ‘সন্ধ্যার দিকে বাসায় ফিরে ওরে (ছেলে) ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা ‍মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস  বলেন, স্কুলছাত্র মাহফুজ কাজলের লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন