বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে বাসের চাপায় পুলিশ কনস্টেবল ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মিশুক চালকসহ দু’জন।
রোববার ২৩ আগস্ট সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হাইওয়ে পুলিশের কনস্টেবল জাহিদ হোসেন (৩৩), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা শরীফ (৩৫) ও ব্যবসায়ী সিরাজ সর্দার (৬০)।
আহতরা হলেন-মিশুক চালক নজরুল ইসলাম ও শাহাজাদা শরীফের ছেলে মোর্শেদ শরীফ (১২)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে এমকে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিশুককে (থ্রি-হুইলার যানবাহন) চাপা দিলে ঘটনাস্থলেই সিরাজ সর্দারের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল জাহিদ ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ চারজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়ার পথে কনস্টেবল জাহিদ ও হাসপাতালে নেওয়ার পর শাহাজাদা শরীফ মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে এসপি আখতারুজ্জামান জানান, বরিশাল থেকে ‘কেএম পরিবহন’ নামের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ বাসটিকে থামার সঙ্কেত দেয়।
“কিন্তু গতি বেশি থাকায় বাস থামাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল জাহিদ, ওই পথ দিয়ে আসা নজরুলের রিকশা এবং রাস্তায় থাকা শাহাজাদা ও তার ছেলেকে ধাক্কা দেয়।”
পরে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। বাসের ধাক্কায় পথচারী শাহাজাদা ও রিকশাআরোহী সিরাজ ঘটনাস্থলেই মারা যান।বরিশাল মেডিকেলে নেওয়ার পর মারা যান কনস্টেবল জাহিদ।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


