সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলিউডের তারকারা এখন নিজেরাই নিজেদের প্রচারণার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সবাই টুইটার, ফেসবুকে বেশ সক্রিয়। তবে আর সবার মতো নন ‘সারফারোশ’ অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সোশ্যাল মিডিয়া নিয়ে রীতিমতো ভীতি কাজ করে এই অভিনেত্রীর। এ খবর জানিয়েছে মিড ডে।
কসমেটিক ব্র্যান্ড ‘ওরিফ্লেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন সোনালি। এক ইভেন্টে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় সোনালি বলেন, ‘নিজেকে এ রকম মুক্ত পাখির মতো ভাবতে ভয় হয়। আমি ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খোলামেলা হতে পছন্দ করি না। একজন অভিনেত্রীর ক্ষেত্রে ব্যাপারটা হয়তো হাস্যকর মনে হবে। কিন্তু আমার পক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের সব আপডেট জানানো সম্ভব না।’
তবে সোনালির স্বামী পরিচালক-প্রযোজক গোল্ডি বেহেল এবং ছেলে দুজনেই বেশ প্রযুক্তিবান্ধব। এ ব্যাপারে সোনালির ভাষ্য, ‘আমি বুঝি না সোশ্যাল মিডিয়া নিয়ে ওরা এত সিরিয়াস কেন? বিশেষ করে আমার ছেলেকে নিয়ে তো আমি বেশ দুশ্চিন্তায় আছি।’
তবে সোশ্যাল মিডিয়া নিয়ে ভয়, দুশ্চিন্তা যতই থাকুক, এই মাধ্যমগুলোকে একেবারে নাকচ করে দিচ্ছেন না তিনি। ভয় কেটে গেলে তিনিও এই ভার্চুয়াল জগতের বাসিন্দা হয়ে উঠতে পারেন। তাঁর মতে, ‘এখনো কোনো সোশ্যাল মিডিয়ার সাইটে অ্যাকাউন্ট খুলিনি আমি। ভয় কেটে গেলে খুলতেও পারি। তবে টুইটার দিয়ে আমার চলবে না। মাত্র ১৪০ শব্দে আমি কিছু বলতে পারব না। আমাকে অনেক কথা বলতে চাই।’
নব্বইয়ের দশকে বলিউডে ঝড় তুলেছিলেন সোনালি। ‘আগ’, ‘দিলজালে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সারফারোশ’ ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন সোনালি। ২০০২ সালে বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন তিনি।
সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে অভিনয় করেন। এর বাইরে টিভি সিরিয়াল ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’-তে অভিনয় করেন সোনালি। দীর্ঘ ক্যারিয়ারে এটাই সোনালির প্রথম টিভি সিরিয়াল।


