বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

PM_BG23_698047046সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং অভিন্ন অবস্থান গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স’র (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, মুসলিম দেশগুলোতে সন্ত্রাসীদের কতিপয় কার্যক্রমের সুযোগ নিয়ে অন্যরা এ থেকে সুবিধা নিচ্ছে।

শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যা আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। কিন্তু মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী এবং এ ক্ষেত্রে ধর্মের কোনো বিষয় নেই।

সৌদি মসজিদে আত্মঘাতী বোমা হামলা সম্পর্কে আলোচনায় শেখ হাসিনা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম এ ধরনের ঘৃণ্য কার্যক্রম কখনোই সমর্থন দেয় না। তিনি আলোচনার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন।

শিক্ষাখাতে ওআইসির ভূমিকা ও উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রতি জোর দিয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশে বিজ্ঞান ও আইসিটি ভিত্তিক শিক্ষার উন্নয়নে তার সরকার বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি পৃথকভাবে তহবিল বরাদ্দ দেয়ার মাধ্যমে তার সরকার গবেষণা কার্যক্রমের উন্নয়ন ঘটাচ্ছে।

অতীতে মুসলিম গবেষকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তারাই ছিলেন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার পথিকৃৎ। তাই মুসলিম সম্প্রদায়কে এখন এ বিষয়ে মনোনিবেশ করতে হবে।

ওআইসি মহাসচিব বলেন, সংস্থার মূল দর্শন হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি গড়ে তোলা। বাংলাদেশ সবসময়ই ওআইসি কার্যক্রমের পুরোভাগে রয়েছে এবং যথাযথ ভূমিকা পালন করছে।

ওআইসি মহাসচিব ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য আগামী ওআইসি সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন