নীল ছবির নায়িকা সানি লিওনির বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত না হলেও কয়েকটি ধর্মীয় ও ধর্মবাদী রাজনৈতিক সংগঠন তার সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে আলোচনায় চলে এসেছে।
ইন্দো-কানাডীয় ওই অভিনেত্রীর বাংলাদেশ আসার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে ধর্মভিত্তিক হেফাজতে ইসলাম ও নেজামে ইসলাম তার আসা ঠেকাতে বিবৃতি দিয়েছে।
রোববার গণমাধ্যমে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি একটি বিবৃতি পাঠিয়েছে যার শিরোনাম, “সেক্স সিম্বল নায়িকা সানি লিওনের বাংলাদেশ সফরে আসার অনুমতি মোটেও অভিপ্রেত নয়।”
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, “সানি লিওন ভিন্ন জগতের চরিত্র ছিল। তার চরিত্র মানুষের নয়, সে পশুসুলভ চরিত্রের অধিকারী। সে এদেশে এলে তরুণ-তরুণীদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যও নষ্ট হয়ে যাবে।”
যারা সানি লিওনিকে আনার উদ্যোগ নিয়েছে তাদেরকে এ উদ্যোগ থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।
নীল সিনেমার মাধ্যমে পরিচিতি পেলেও পরবর্তীতে বলিউডি সিনেমায় অভিনয় শুরু করেন সানি লিওনি। বলিউডি সিনেমাতেও সানি পেয়েছেন জনপ্রিয়তা।
যৌনতা ছাড়ানোর অভিযোগে সম্প্রতি ভারতে তার বিরুদ্ধে মামলা করেছে এক গৃহবধূ।
হেফাজতে ইসলাম এক বিবৃতিতে বলেছে, “আমরা আয়োজক কর্তৃপক্ষ, প্রশাসন ও সরকারের প্রতি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি, নর্তকী আমদানি করে মসজিদের শহর ঢাকায় কোনো পতিতার অনুষ্ঠান হতে দেওয়া যাবে না।
“অবিলম্বে এই নাচের অনুষ্ঠান ও পতিতা সানি লিওনের আগমন মুলতবি করতে হবে। অন্যথায় অনুষ্ঠানস্থলে ঢাকার সর্বস্তরের তাওহিদী জনতা কর্তৃক গণপ্রতিরোধসহ পরবর্তী যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্টরা দায়ী থাকবেন।”
নেজামে ইসলামের বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ নেজামে ইসলাম পাটির সভাপতি মাওলানা মো. আবদুর রকিব এ্যাডভোকেট ও মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী সেক্স সিম্বল নায়িকা সানি লিওনের বাংলাদেশ সফরে আসার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, স্বল্প বসনা সানি লিওনের মতো একজন উদ্দাম নর্তকীর এদেশে আসার অনুমতিদান কোনোক্রমেই অভিপ্রেত নয়।
“কারণ সানি লিওন মুক্ত জীবনের নামে অশ্লীল নৃত্য-গীত ও দেহবল্লবী প্রদর্শন করে থাকে। যৌন ভাবোদ্দীপক অপতৎপরতা ও নগ্ন বীভৎসতার প্রতীক এই সানি লিওন। কাম ও প্রবৃত্তিপরায়ণতায় নারকীয় গহ্বরে নিমজ্জিত পাশ্চাত্যের স্বল্প পোশাক পরিহিতা সানি লিওন অবাধ নারী স্বাধীনতার উন্মত্ত স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো পশ্চিমা পর্ণগ্রাফি সংস্কৃতি ধারণ, চর্চা ও অনুশীলনে অভ্যস্ত। লিওন নগ্নাশ্রয়ী শিল্পী জীবনকে মাত্রাতিরিক্ত প্রাধান্য দিচ্ছে এবং একজন নারী ও মানবী হিসেবে জীবনের মূল্য বিলক্ষণ বিস্মৃত হয়ে গেছে। লিওন পুরুষদের সাথে সাদৃশ্য স্থাপনের এবং তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। যা আমাদের মতো রক্ষণশীল দেশের জাতীয় আদর্শ, ঐতিহ্য রীতি-নীতি ও সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। এবং সুস্থ রুচির জন্যে পীড়াদায়ক।”
এদিকে সানি লিওনিকে আনতে চেষ্টারত আয়োজক প্রতিষ্ঠানটি নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে চাইছে না এখনই।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখনই প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা চূড়ান্ত কিছু বলতে চাই না। তাকে নিয়ে আসার ব্যাপারে কথাবার্তা চলছে। তার প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। সবকিছু ঠিক হলে তবেই দিনক্ষণ জানানো হবে। ”
তিনি জানান, সানি লিওনির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পারেন পাকিস্তানি বংশোদ্ভূত বলিউডি গায়ক আতিফ আসলাম। টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন ১৫ হাজার টাকা।
এর আগে ফ্যাশন হাউজ ভাসাবি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে ২০১৫ সালের শুরুতে টি টোয়েন্টি ক্রিকেট লীগে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনির। তবে শেষমেষ তা হয়নি।


