পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আর তা না করে প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো ঘোষণা করা হলে ক্লাস বিরতিসহ দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই হুঁশিয়ারি দিয়েছেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা না হলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে একটি জাতীয় কনভেনশন আয়োজন করা হবে। সেখানে স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার জন্য রূপরেখা উপস্থাপন করা হবে। একই সঙ্গে কনভেনশন থেকে ক্লাস বিরতিসহ দীর্ঘমেয়াদী আন্দোলন ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, কনভেনশনের আগে আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সঙ্গে যৌথসভা করে দাবি আদায়ে উপাচার্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করা হবে।
দাবি মানা না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার মাধ্যমে তার সাথে দেখা করে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর-সংবলিত দাবিনামা প্রধানমন্ত্রী বরাবর পেশ করা হবে বলেও জানান ফেডারেশনের এই মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাবির টেলিভিশন চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া উপস্থিত ছিলেন।


