ঢাকার তেজগাঁও ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মুসার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যেই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদক সূত্র সোমবার দ্য রিপোর্টকে এসব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, তেজগাঁও ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. মুসার নেতৃত্বাধীন একটি চক্রের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
২০০৩ সালে দুর্নীতি দমন ব্যুরোর আমলে এ অভিযোগ অনুসন্ধান শুরু করে কমিশন। অজ্ঞাত কারণে এ অনুসন্ধান এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন পর অনুসন্ধানের কাঙ্ক্ষিত অগ্রগতির লক্ষ্যে নতুনভাবে এ অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই ওই ভূমি কমিশনারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. রফিকুজ্জামানকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


