বুধবার ৪ নভেম্বর ২০২৬

কী আছে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে

rana_plaza_movieসাভারের রানা প্লাজা ভবন ধ্বসের ঘটনা ও আলোচিত পোশাক শ্রমিক রেশমা চরিত্রটিকে নিয়ে তৈরি একটি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সিনেমাটির নাম ‘রানা প্লাজা’ এবং এটি আগামী ৪ঠা সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল।

শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়।

তবে সিনেমায় ‘ভীতিকর চিত্র’ দেখানো হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার ২০ আগস্ট হাই কোর্টে এই রিট আবেদন করেন। এই রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিনেমাটি মুক্তিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দিলো।

পরিচালক নজরুল ইসলাম খান জানান, সাভারের রানা প্লাজা ধ্বস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক ধারার প্রেমের সিনেমা ছিল এটি।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দীর্ঘদিন ধরে ছাড়পত্র দেয়নি এবং এজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। আদালতের এক রায়ের প্রেক্ষাপটে তিনি সেন্সর ছাড়পত্র পান।

২০১৩ সালের এপ্রিল মাসে সাভারের রানা প্লাজা ভবন ধ্বসে এক হাজারের বেশি মানুষ মারা যায় যাদের অধিকাংশই ছিল পোশাক শ্রমিক।

বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল আলোচিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’। চলচ্চিত্রটিতে রানা প্লাজা ধ্বংসের বিভিন্ন দৃশ্য নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। এরপর সেন্সরে ছাড়পত্র পাওয়ার বিষয়টি আদালত পর্যন্ত যায়। একটা সময় ছবিটি মুক্তি দেওয়া নিয়ে পরিচালক প্রযোজকসহ ছবির কলাকুশলীরা বেশ হতাশ হয়ে যান।

অবশেষে সকল সমস্যাকে পাশ কাটিয়ে গত ১১ জুন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

সেন্সর বোর্ড তাদের আপত্তিতে জানিয়ে ছিলো, সিনেমাতে গার্মেন্টস ধ্বসে পড়ার যে দৃশ্যটি দেখানো হয়েছে, তা রীতিমতো ভয়াবহ। এমন দৃশ্য সম্বলিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তার ফলাফল হবে আরও ভয়াবহ। বাংলা সিনেমার বড় দর্শক হচ্ছে গার্মেন্টসকর্মীরা। রানা প্লাজা ধসের ঘটনাটি তাদের আরও উত্তেজিত করে তুলবে। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে এতে।

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’। রানা প্লাজা দুর্ঘটনায় অন্যতম আলোড়ন সৃষ্টিকারী চরিত্র রেশমাকে নিয়েই তৈরি করা হয়েছে ছবিটি। রেশমা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তার বিপরীতে টিটু চরিত্রে অভিনয় করছেন সায়মন সাদিক।

চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে রেশমাকে ভালোবাসে তার প্রতিবেশী টিটু। কিন্তু টিটু তাদের চেয়ে অবস্থাপন্ন বলে তার প্রস্তাবে সায় দেয় না রেশমা। টিটুও হাল ছাড়ার পাত্র নয়। এক দুর্ঘটনায় টিটু রেশমাকে উদ্ধার করে। এরপর টিটুর ব্যাপারে গলতে শুরু করেন রেশমা, সায় দেয় তার প্রস্তাবে। এর কিছুদিন পর বিয়ে করে তারা ঢাকা চলে আসে।

হঠাৎ এক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে টিটু। পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিয়ে রেশমা যোগ দেয় এক গার্মেন্টসে। রেশমার চাকরিতে যোগদানের ব্যাপারটি সহজে মেনে নিতে পারে না পুরুষশাসিত সমাজ। এ নিয়ে নানা জটিলতার মধ্যে ঘটে যায় রানা প্লাজার দুর্ঘটনা।

পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য ও লিখেছেন নজরুল ইসলাম। গান রয়েছে মোট ৫টি। সবগুলো গানের সংগীতায়োজন করছেন আলী ইকরাম শুভ। এম.এ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

পরীমনি-সাইমন ছাড়া এ ছবিতে অভিনয় করছেন, আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান, শিরিন আলম প্রমূখ।

২০১৩ সালে সাভারে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধ্বসে পড়ে। এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সে সময় ঘটনাটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে।

আরও পড়ুন