বুধবার ৪ নভেম্বর ২০২৬

নূর হোসেনের বিরুদ্ধে মামলা তুলে নিতে আবেদন ভারত সরকারের

nur-hossainনূর হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা প্রত্যাহারের আবেদন করেছে ভারত সরকার। বারাসাত আদালতে নারায়ণগঞ্জের সাত খুনের অন্যতম প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে পুলিশের আনা ভারতের বিদেশ আইনের ধারা তুলে নেওয়ার পিটিশন জমা পড়েছে। যদিও বারাসাত আদালতের জ্যেষ্ঠ আইনজীবীরা ধারা তুলে নেওয়ার পিটিশনের বিরুদ্ধে শুনানির আবেদন করেছেন।

নূর হোসেন দেশে ফিরতে চান। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত জেলা আদালতে পুলিশভ্যানে বসে এ কথা বলেন নূর হোসেন। তিনি বলেন, ‘আমি ভোটের আগেই বলেছিলাম জিতব। আমি জিতেছি। আমার আরিফুলকে ভোটে দাঁড় করিয়েছিলাম। আমি নির্দোষ বলেই লোকে আমার লোককে ভোট দিয়ে জিতিয়েছে।’

এদিকে, রবিবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক এক অনুষ্ঠানে বলেন, ‘নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ওই দেশে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে আনা যাচ্ছে না। ওই দেশের মামলা নিষ্পত্তি হলেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।’

যদি বারাসত আদালতের জ্যেষ্ঠ আইনজীবীদের করা পিটিশন গৃহীত হয় তাহলে সহসা বাংলাদেশে ফেরা হচ্ছে না নূর হোসেনের।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

১৪ জুন কলকাতায় নূর হোসেনকে গ্রেফতার করে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দায়ের করে।

৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের বৈঠকে কলকাতায় কারাবন্দী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানের তাগিদ দেয় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার নূর হোসেনসহ যে সব সন্দেহভাজন অপরাধী ভারতে পালিয়ে আছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাস দেয়।

আরও পড়ুন