বুধবার ৪ নভেম্বর ২০২৬

নৌকা ভ্রমণে গিয়ে ডুবে মরল বিশ্ববিদ্যালয় ছাত্র

ULAB_Studentঢাকার পাশে সাভারের বংশী নদীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র তানভীর মোর্শেদের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তানভীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এমবিএর ছাত্র।

নিখোঁজের ২৬ ঘণ্টা পর রবিবার রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের মাখুলিয়া এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার সকাল আটটায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে কিছুক্ষণের মধ্যে এলাকার কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণ থেকে ফেরার পথে সাভারের সিন্দুরিয়া এলাকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

তিনি পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও সাভার বাজার রোডের ব্যবসায়ী নূর মোহাম্মদের ছেলে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুর মোহাম্মদ জানান, শনিবার সকালে তানভীর বন্ধুদের সঙ্গে বংশী নদীতে নৌকা ভ্রমণে যায়। নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে রাতে বংশী নদীর সিন্দুরিয়া এলাকায় নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে যায় তানভীর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা শনিবার রাত থেকে তাকে উদ্ধারের চেষ্টা করছিলেন।

আরও পড়ুন