বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড্ডায় ৪ খুনে জড়িত ৮ জনের নাম পেয়েছে গোয়েন্দারা

badda-4-murderঢাকার বাড্ডার চার খুনের ঘটনায় গ্রেফতার দু’জনের কাছ থেকে হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আটজনের নাম জানা গেছে। অজ্ঞাত আরও দু-একজন জড়িত থাকতে পারে। যাদের নাম এখনো জানা যায়নি।

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে বাড্ডার চার খুনের ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়। ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি, উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খুনিদের মূল টার্গেট ছিল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান গামা। তাকে হত্যার উদ্দেশ্যে মূলত গুলি চালানো হয়। বাকিরা পরিস্থিতির শিকার। ঘটনাটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ঘটানো হয়নি। মূলত ঝুট ব্যবসা, স্বার্থের দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার ছিল এর মূল কারণ।

বাড্ডার ওই ঘটনায় রবিবার রাতে আহত আবদুস সালামও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ওই ঘটনায় চারজনের মৃত্যু হল। এ প্রসঙ্গে শেখ নাজমুল বলেন, ‘হ্যাঁ, আমরা শুনেছি। ওই ঘটনায় আরও একজন মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘তদন্তে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। যাদের নেতৃত্বে হত্যার আগে পরিকল্পনা হয়েছিল তাদের কাউকে গ্রেফতার করতে পারলে ওই ঘটনার নেপথ্য ও মূল রহস্য বেরিয়ে আসবে।’

প্রসঙ্গত, ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে বাড্ডার লিংক রোডের আদর্শনগরের ওয়াসার পানির পাম্পের পাশে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে ক্ষমতাসীন দলের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক মারা যান। পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান গামা মারা যান। সর্বশেষ ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে আবদুস সালাম মারা যান।

ওই ঘটনায় ১৬ আগস্ট রাতে রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকা থেকে মো. ফারুক মিলন ও নূর মোহাম্মদ নামে দু’জনকে গ্রেফতার করে ডিবি।

আরও পড়ুন