বুধবার ৪ নভেম্বর ২০২৬

হলের সিট দখল নিয়ে চবি ছাত্রলীগে সংঘর্ষ

cu---হলের সিট দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

আহতরা হলেন- জমির উদ্দিন ও ইমাদ আহমেদ সাহিল। দুইজনই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবাসিক ছাত্রাবাস সোহরাওয়ার্দী হলের সিট দখল নিয়ে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপুর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বিকালে এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।পুলিশ গিয়ে টিয়ারশেল ও ফাঁকাগুলি ছুড়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়। পরে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা শাহ আমানত হলে ও আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী বলেন, হলের সিট বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরও পড়ুন