রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু হত্যার অভিযোগে র্যাবের বিরুদ্ধে করা মামলা আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সংঘটিত এ হত্যান্ডের বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত মামলাটি গ্রহণ করে এ আদেশ দেন। একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের বিরুদ্ধে দায়ের করা আরজুর হত্যার ঘটনাটি তদন্ত ও এর প্রতিবেদন আদালতে দাখিল করতে আদালতের আদেশে বলা হয়।
গত রোবববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে র্যাবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা আরজুকে অপহরণ ও হত্যার অভিযোগে নালিশি মামলা করেছিলেন আরজুর বড় ভাই মাসুদ রানা। ওই দিন শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য ছিল। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- র্যাব-২ এর অধিনায়ক (সিও) মাসুদ রানা, ডিএডি শাহিদুর রহমান, পরিদর্শক ওয়াহিদ ও র্যাবের সোর্স রতন।
এদিকে রোববার রাজু হত্যায় মামলা দায়েরের পর সোমবার র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাসুদ রানাকে ব্যাটালিয়ন থেকে প্রত্যাহার করে র্যাব সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।কিশোর রাজা মিয়াকে পিটিয়ে হত্যা মামলার আসামি হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া গত ১৭ আগস্ট রাতে র্যাবের কথিত ক্রসফায়ারে নিহত হয়।
এ ঘটনায় আরজুর বড় ভাই মাসুদ রানার দায়ের করা মামলার আরজি থেকে জানা যায়, ১৭ আগস্ট মোবাইল চুরির অপবাদ দিয়ে রাজা মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই দিন বিকেল ৫টার দিকে পূর্ব পরিকল্পনা মাফিক আরজুকে হাজারীবাগ পার্কের মূল ফটক থেকে হত্যার উদ্দেশে অপহরণ করে কোনো অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়। অপহরণের কোনো এক সময় পরিকল্পিতিভাবে আরজুকে গুলি করে হত্যা করা হয়। এরপর সিকদার মেডিকেলের পেছনে খোলা জায়গায় ফেলে রাখে তিন র্যাব কর্মকর্তা।
মামলার বাদী হাজারীবাগ থানায় বলেন, তথাকথিত বন্দুকযুদ্ধে তার ভাই আরজু মিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের লোকদের আমি জিজ্ঞাসা করলে তারা জানান বিকেল ৫টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই এলাকায় কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করেন, ১৯ আগস্ট র্যাব-২ এর সিও (অধিনায়ক) প্রেস বিজ্ঞপ্তিতে স্বীকার করেন, আরজু মিয়া বন্দুকযুদ্ধে মারা গেছেন। এর পর আমি হাজারীবাগ থানায় মামলা দায়ের করতে গেলে থানা মামলাটি গ্রহণ করেনি। থানায় মামলা গ্রহণ না করায় আদালতে মামলাটি করেছি।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



