দলের অনেক নেতা মামলা থেকে বাঁচতে ও সম্পত্তি রক্ষা করতে ১/১১ এর মতো আবারও ‘ষড়যন্ত্রের পুনরাবৃত্তি’ ঘটাতে ‘পরিকল্পনা আঁটছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাদের সতর্ক হতে বলেছেন। ওইসব নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, একবার ক্ষমা করেছি, আরেকবার অপরাধ করলে রক্ষা করার লোক পাওয়া যাবে না। তৃণমূলের নেতাকর্মী তাদের ছাড়বে না।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। জেলা প্রতিনিধি সভা উপলক্ষে ‘জাতীয়তাবাদী তৃণমূল দল’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র বলেন, “১/১১ এর সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই দলের দুঃসময়ে হাল ধরেছেন। তখন বাঘা বাঘা নেতাদের কেউ গা ঢাকা দিয়েছেন, কেউ গ্রেফতার হয়েছেন, আর তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়াসহ প্রায় ২ শতাধিক নেতা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ওই সময়ে তৃণমূলই দলকে ধরে রেখেছে।”
এক এগারোর মতো দলের কিছু নেতা মামলা থেকে নিজেদের রক্ষা করতে সরকারের প্ররোচনায় পা দিয়ে দলকে নিয়ে ‘ষড়যন্ত্র’ করছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছেন বলে জানান বিএনপির এই প্রভাবশালী নেতা।
সম্প্রতি হওয়া কয়েকটি ক্রসফায়ারের ঘটনার প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, “আগে বিএনপির নেতাকর্মীদের মেরেছে। বর্তমানে ঘরের মধ্যে ক্রসফায়ার দিচ্ছে। এখন আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদও বলেন, ‘ক্রসফায়ার অপরাধ’। এ যেন ভূতের মুখে রাম নাম।”
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, “ভাড়াটিয়া ইনুদের দিয়ে রক্ষা পাবেন না। ক্রসফায়ারে কাজ হবে না। জনগণের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। তা না হলে বিদায় হবে নিদারুণ।”
হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, তৃণমূল দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ভুঁইয়া।


