ফের বড় পর্দায় দেখা যাবে ‘ডিডিএলজে’ ম্যাজিক। সৌজন্যে পরিচালক ফারহা খান। ‘ডিডিএলজে’তে শুধুমাত্র কোরিওগ্রাফ করেছিলেন তিনি। তবে এ বার পরিচালকের আসনে। শাহরুখ খান এবং কাজলকে নিয়ে আসন্ন ছবি ‘দিলওয়ালে’র শুটিং শুরু করেছেন তিনি। আর এই ছবি নিয়ে সবচেয়ে উত্তেজিত পরিচালক নিজেই। আইসল্যান্ডে ওই ছবির গানের একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের পর তা টুইটারে জানিয়েছেন ফারহা।
প্রযোজক রোহিত শেট্টি ফারহাকে শাহরুখ-কাজল জুটির জন্য একটি রোম্যান্টিক গান ছবিতে রাখতে অনুরোধ করেছিলেন। প্রযোজকের এক কথাতেই রাজি পরিচালক। তারই শুটিং শেষে টুইটারে অনুরাগীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ফারহা। বলিউড বাদশা ফারহাকে আগেই বলেছিলেন, ওই গানটি এমন ভাবে শুটিং করতে হবে যাতে তা ‘কভি খুশি কভি গম’ ছবির ‘সুরজ হুয়া মধ্যম’-এ শাহরুখ-কাজলের কেমিস্ট্রিকেও ছাপিয়ে যেতে পারে। তার বিচার এ বার দর্শকদের হাতে। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি। শাহরুখ-কাজলের পর্দার প্রেম ফের উপভোগ করতে তৈরি সিনেপ্রেমীরা।


