বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ এবং দলের প্রবীণ নেতা এম কে আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।
এই ঘেরাও কর্মসূচিতে সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা জড়ো হন। এসময় তারা জানান, বাংলাদেশে হত্যা ও গুমের রাজনীতি চলছে। তাই নিউইয়র্কের মাটিতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জায়গা হবে না। আটক নেতাদের মুক্তি না দিলে জাতিসংঘের ৭০তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক এলে তাকে প্রতিহত করা হবে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতীফ সম্রাটের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ-সভাপতি সোলাইমান ভুঁইয়া প্রমুখ।
যুক্তরাষ্ট্র বিএনপির দীর্ঘসময় ধরে কমিটি না থাকায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে এতদিন বিভিন্ন কর্মসূচি পালন করলেও এই কর্মসূচিতে সব গ্রুপের নেতারাই উপস্থিত ছিলেন।
প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি শেষে বাংলাদেশ কনস্যুলেটে প্রবেশ করে স্মারকলিপি জমা দেন বিএনপি নেতারা। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি গ্রহণ করেন কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল শহিদুল ইসলাম।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


