বুধবার ৪ নভেম্বর ২০২৬

নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্টকারী উপ-সচিব প্রত্যাহার

NID_DS_Bariজাতীয় পরিচয়পত্র নিয়ে ভোগান্তির ‘খবর সংগ্রহের অপরাধে’ দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত উপসচিব আবদুল বারীকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সর্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বারীকে সরিয়ে মঙ্গলবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তী পদায়নের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গত ১৯ অগাস্ট আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ে চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপার্সন রিপু আহমেদকে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিত করেন।

মারধরের সময় ১০-১৫ জন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে নিজের কক্ষে বারী ওই দুই সাংবাদিকদকে হুমকি দিয়ে বলেছিলেন, তাদের অবস্থা প্রবীর সিকদারের মতো করা হবে। এরই মধ্যে ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদনও জমা দিয়েছে।

তবে তার আগেই লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বারীকে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন