বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিলেন’

amu--জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেছেন, তিনি (জিয়া) স্বাধীনতার পরাজিত শক্তি এবং দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন। সেজন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন বানিয়ে কেক কেটে আনন্দ করে থাকেন।

মঙ্গলবার বিকেলে নগরীর ফার্মগেইটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু এসব মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হচ্ছে তাই বঙ্গবন্ধুর স্বপ্ন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার অচিরেই পাওয়া যাবে। এ মামলার আসামীদের মধ্যে যারা বিদেশে পালাতক রয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হয়েছে। এ রায় অনুযায়ী বেশ কয়েক জনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এ মামলার বিদেশে পালিয়ে থাকা আসামীদের ফিরিয়ে আনার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।

তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা সম্পর্কে কামাল বলেন, সারাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় একযোগে জঙ্গীরা ১৭ আগস্ট বোমা হামলা চালিয়েছিল। তাদের বিচারও চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমরা জঙ্গীদের নিয়ন্ত্রণে এনেছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা চালাতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

আরও পড়ুন